আলোচিত সেই জুনায়েদকে নিয়ে বাংলা নাটক
জুনায়েদ নামের এক তরুণ তার বন্ধু নুরুল্লাহকে মারধর করে গত বছর বেশ সমালোচিত হয়েছিল। সেই মারধরের ভিডিও ইউটিউবে ভাইরাল হয়। সেই ভিডিওতে বারবারই জুনায়েদ বলছিল, ‘আমি জুনায়েদ, আমারে চিনস?’এই ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই ব্যঙ্গ করে ট্রল করেন ফেসবুকে।সম্প্রতি ওই ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে বাংলা নাটক ‘আমি জুনায়েদ’। দয়াল সাহার রচনায় নাটকটি পরিচালনা করেছেন মোহন আহমেদ। নাটকে জুনায়েদ চরিত্রে অভিনয় করেছেন ইমন। তাঁর প্রেমিকা সাদিয়া চরিত্রে টয়া ও নুরুল্লাহ চরিত্রে জোভান অভিনয় করেছেন।
‘জুনায়েদ’ চরিত্রে অভিনয় করার কারণ জানতে চাইলে এনটিভি অনলাইনকে ইমন বলেন, “বাস্তবের জুনায়েদ চরিত্রটি ফেসবুকে অনেক ভাইরাল হয়েছিল। যখন নাটকটিতে নামভূমিকায় অভিনয়ের প্রস্তাব আসে, তখন আমি ‘না’ করিনি। কারণ, নাটকের চিত্রনাট্য আমার পছন্দ হয়েছে। চরিত্রটিও জোস। বাস্তবের জুনায়েদের সঙ্গে নাটকের পুরোপুরি মিল নেই।”
জুনায়েদ চরিত্রটি হবে পুরান ঢাকার একটি ছেলের চরিত্র। চরিত্রটি প্রসঙ্গে ইমন বলেন, ‘জুনায়েদ সহজ-সরল পুরান ঢাকার একটি ছেলে। সে ইংরেজি বলতে পারে না।
সাদিয়াকে মন থেকে অনেক ভালোবাসে সে। কিন্তু সাদিয়া তার মনের কথা সরাসরি জুনায়েদকে বলে না।’
নাটক জোভানকে অনেক ‘দৌড়ানি’ দিয়েছেন বলে জানান ইমন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জোভান নুরুল্লাহ চরিত্রে অভিনয় করেছে। আমি সাদিয়াকে ভালোবাসি। এটা নুরুল্লাহ মানতে পারে না। শুধু গুটিবাজি করে। এ কারণে ওর সঙ্গে আমার সারাক্ষণ খুনসুটি লেগেই থাকে।’
অন্যদিকে, সাদিয়া চরিত্রে অভিনয় করে উচ্ছ্বসিত টয়া। তিনি বলেন, ‘নাটকটিতে অভিনয় করে অনেক ভালো লেগেছে। সাদিয়া চরিত্রটি অনেক মজার। জুনায়েদ চরিত্রটি ভাইরাল হয়ে যাওয়ার কথা এখনো আমি ভুলতে পারি নাই।’
জোভানের সঙ্গে একাধিক নাটকে অভিনয় করেছেন টয়া। কিন্তু প্রথমবারের মতো ইমনের সঙ্গে অভিনয় করেছেন তিনি। টয়াকে নিয়ে ইমন বলেন, ‘টয়া অনেক ভালো অভিনয় করে। অনেক ভদ্র এবং ফ্রেন্ডলি। শুটিংয়ের ফাঁকে ওর সঙ্গে অনেক বিষয়ে আলাপ হয়েছে।’
‘আমি জুনায়েদ’ নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে বলে জানান পরিচালক মোহন আহমেদ।
EmoticonEmoticon